স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো (Rosemary A. DiCarlo)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এ সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ,
স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর, সমন্বিত ও জোরালো সহযোগিতা প্রয়োজন।
রোজমেরি এ. ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকারও উচ্চ প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও অংশগ্রহণ করেন। এ সময় উভয় পক্ষ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
শি/পা
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com