ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে টানা তিনদিনের বর্ষণে ঢাকায় কোথাও কোথাও সড়কে জমে থাকা পানিতে বিকল হয়ে গেছে ব্যক্তিগত যানবাহন।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর মোড়ে আব্দুল কাদের জ্বিলানীর প্রাইভেট কারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খিলক্ষেতে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সকালে তিনি রওনা দিয়েছিলেন।
বেশ ক্ষোভের সাথে জ্বিলানী বলেন, এখন গাড়ির জন্য এখানে বসে থাকতে হবে। অফিস দেরি হবেই। একটু বৃষ্টি হলেই সাঁতার কাটার মতো অবস্থা হয়।
এছাড়া, ধানমন্ডির একটি সড়কে গাছ ভেঙে পড়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার বেশ কিছু স্কুল-কলেজে পরীক্ষা স্থগিত রাখার খবর পাওয়া গেছে।
ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের রোববারের নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেছে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
মিরপুর বাংলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আশফাকুজ্জামান। তিনি জানান, সকালেই স্কুল থেকে রোববারের অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে।
একইসঙ্গে, প্রধান সড়কসহ অলি-গলিতেও বৃষ্টির পানি জমে থাকার কারণে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত মনিপুর স্কুল এন্ড কলেজ শাখায় রোববারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের একজন অভিভাবক শহীদুল ইসলাম জানিয়েছেন, রোববারের অর্ধবাষিক পরীক্ষা আপাতত স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
এছাড়া, চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের(সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৩ জুলাই, সোমবার, ১৫ জুলাই, বুধবার এবং ১৬ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬ স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের সব জেলা প্রশাসকের প্রতিবেদন ও এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, চট্টগ্রাম বোর্ড বাদে আর কোনো বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়নি। শনিবারের সিদ্ধান্তই বহাল আছে।
এদিকে, ছয়দিন ধরে চট্টগ্রাম নগরীর শমসেরপাড়া এলাকায় রেলপথ পানির নিচে ডুবে আছে।
গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়।
মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি শমসের পাড়া গিয়ে পানির কারণে আর এগোতে পারেনি। এর ফলে ওই দিন থেকেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রোববারও ট্রেন চলাচল শুরু হয়নি।
সারাদেশে আর কোথাও রেল চলাচল বিঘ্নিত হয়েছে কি না জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, শুধু চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে রেল চলাচল বন্ধ রয়েছে, দেশের অন্য কোথাও রেল চলাচল বিঘ্নিত হয়নি।
তিনি আরও বলেন, তবে, কোথাও কোথাও ট্রেন কিছুটা লেইট আছে, বৃষ্টির কারণে রাস্তার ওয়েট ক্যাপাসিটি অনেক জায়গায় কমে যায়, এ কারণে কোনো কোনো ট্রেন একটু লেইট আছে, কিন্তু চলছে।
00
বন্যা, বৃষ্টিপাত নিয়ে যে পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি ইত্যাদি নদীর পানি সমতলে কমে যেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার দুপুর বারোটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর।
তবে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পাঁচটি জেলার তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে বান্দরবানে সাঙ্গু নদী, চট্টগ্রাম স্টেশনে দোহাজারী, সুনামগঞ্জের মারকুলি স্টেশনে ও সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দা স্টেশনে সোমেশ্বরী নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
একইসঙ্গে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এর মধ্যে মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এর ফলে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় স্বল্পস্থায়ী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সূত্র: বিবিসি বাংলা
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com