
সংগৃহীত ছবি
হেলিকপ্টার সেবা নিয়ে নতুন ব্যবসায় নেমেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড করপোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা–সেবার জন্য এই বাণিজ্যিক সেবা চালু করেছে। শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আকিজ এভিয়েশন আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করছে। ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার ইকবাল হোসাইন রুদ্র’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকিজ এভিয়েশন প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে এই সেবা চালু করেছে। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের একটি এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের অনেকে এখন হেলিকপ্টার ব্যবহার করছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধারকাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত যাতায়াতকে সহজ করতে দেশে এখন হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তাই বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য সব সময় পাশে থাকবে আকিজ এভিয়েশন লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনা মূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে। বিজ্ঞপ্তিতে হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com