ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আশপাশের ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, দেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম প্রাঙ্গনে ক্রীড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই। মাদক, ছিনতাই, ফুটপাত দখল ও বিভিন্ন অনিয়ম দূর করে এলাকাটিকে আধুনিক স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, পুলিশ কমিশনার, আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘মোটা দাগে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ। জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়ামসহ পুরো স্টেডিয়ামপাড়ায় ক্রীড়ার জন্য যে পরিবেশ থাকা প্রয়োজন, সেটি নেই। ঐতিহ্যবাহী এই এলাকাকে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্টেডিয়ামপাড়ার সার্বিক পরিবেশ পর্যালোচনা করা হয়েছে। লক্ষ্য হচ্ছে পুরো এলাকাকে আবার ক্রীড়াবান্ধব পরিবেশে ফিরিয়ে আনা।
প্রতিমন্ত্রী বলেন, সন্ধ্যার পর স্টেডিয়ামপাড়ায় মাদক, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। এসব বন্ধে মতিঝিল বিভাগের ডিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্টেডিয়ামের ভেতরের দোকানগুলোর অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, অনেক দোকান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, এনএসসি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অনিয়ম দূর করা হবে।
পরিদর্শনে স্টেডিয়াম এলাকার বিভিন্ন অবকাঠামোর জরাজীর্ণ অবস্থাও চোখে পড়ে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হকি স্টেডিয়াম ও জাতীয় স্টেডিয়ামের কিছু গেটের ওপর ময়লার স্তূপ জমে আছে। আশপাশের কয়েকটি সড়কের অবস্থাও বেহাল। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ময়লা অপসারণ ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
দোকান বরাদ্দ ও লিজ সংক্রান্ত সব তথ্যও পুনরায় যাচাই করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। স্টেডিয়ামপাড়াকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব পরিবেশে রূপ দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com