সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার, স্বজন-সহকর্মীসহ নিজ বাহিনীতে। আকস্মিক এই ঘটনায় বিমান বাহিনীর পক্ষ থেকে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিহতদের সামরিক মর্যাদায় জানাজা ও দাফনের পাশাপাশি ‘ফিউনারেল প্যারেড’ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় ‘কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) দায়িত্ব পালনের সময় বিমান বাহিনীর ৭ জন সদস্যকে বহনকারী একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেন। ওইসময় সিএমএইচ’র কর্তব্যরত চিকিৎসক বিমান বাহিনীর ৩ জন সদস্য— ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোর্যাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই দুর্ঘটনায় গুরুতর আহত বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা) এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানাজায় অংশ নেন। এসময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এই জানাজায় মরহুমদের পরিবারের সদস্য, প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, ওই জানাজা শেষে মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফন সম্পন্ন করে। একই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেও দোয়া করা হয়।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com