বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) পরীক্ষা-নিরীক্ষা থেকে অর্জিত লভ্যাংশের পরিবর্তে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাটোয়ারার মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া অতিরিক্ত অর্থ আদায় এবং অডিট আপত্তিগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সংক্রান্ত আটটি অডিট আপত্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু আপত্তি নিষ্পত্তি হলেও বাকি বিষয়গুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে গঠিত সাব-কমিটিকে সরেজমিনে বিষয়গুলো খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ড. তাহের বলেন, পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ব্যয় বাদ দেওয়ার পর যে লভ্যাংশ থাকে, তার ৩০ শতাংশ বিশেষজ্ঞদের পাওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপরই ৩০ শতাংশ অর্থ নেওয়া হয়েছে বলে অডিটে আপত্তি উঠেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো পরীক্ষায় ১০০ টাকা আয় ও ৯০ টাকা ব্যয় হলে ১০ টাকা লভ্যাংশের ওপর ৩০ শতাংশ হিসাব হওয়ার কথা। কিন্তু পুরো ১০০ টাকার ওপর ৩০ শতাংশ নেওয়া হয়েছে। এতে কোটি কোটি টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। পাশাপাশি প্রতি মাসে আদায়ের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি জানান, পুরোনো অডিট আপত্তির পাশাপাশি ২০২৪-২৫ সালের অডিটকে অগ্রাধিকার দেওয়া হবে। বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলো চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিটির প্রতিটি বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে নিয়মিত জানানো হবে বলেও জানান তিনি।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com