যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ল সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
এসময় শহিদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচির খসড়া উপস্থাপন করা হয়। কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবস দুটির কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com