শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব পূজামণ্ডপের নিরাপত্তা, নিয়মিত টহল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এবং জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬টি পূজামণ্ডপসহ মোট ৪১টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপসহ সর্বমোট ৫৫টি পূজামণ্ডপে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির সদস্যরা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com