ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে অনিয়ম, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও দলীয় কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ৯টি অভিযোগ ও তিন দফা দাবি জানিয়েছে দলটি।
গতকাল রবিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সরেজমিনে পাওয়া তথ্য-উপাত্ত ও প্রমাণসহ অভিযোগগুলো কমিশনকে জানানো হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও কমিশন জানিয়েছে, এ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই।
গোলাম পরওয়ার বলেন, পুলিশ দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না বলে তাঁরা কমিশনকে জানিয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তবে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। কমিশন আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এবং তাদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না।
চিঠিতে ইউএনওর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করা, ভোটারদের হুমকি, প্রচারণায় বাধা ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে ২৭ অক্টোবর সকাল ৮টায় প্রচার শেষ হবে। একই সময় থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকার বাসিন্দা বা অনুমোদিত ব্যক্তি ছাড়া বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা থাকবে।
# ইসিতে জামায়াতের অভিযোগ ও দাবি/এলিস
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com