শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। ওই সফরে শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ধারাবাহিকতায় বেইজিং এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে।
অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ। দেশটির সঙ্গে চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। স্মার্ট ক্লাসরুম ও শিক্ষা উপকরণ উপহার ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। এটি চীন, দেশটির জনগণ এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন।
অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটাগরিতে বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট শিক্ষার্থীদের ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এ ছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, ওয়ার্ম ওয়াটার পট, পেন্সিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউজিন, চীনের কমিউনিস্ট পার্টির নেতারা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
E-mail:dailysamadhan24@gmail.com
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | DailySamadhan.com