
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা ৩-০ গোলে পরাজিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউনুস আবু বকর। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আক্কাস আলী। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন । এ ছাড়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মেহেদি হাসান টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ও রাশেদুল ইসলাম টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হয়েছেন।
ফাইনাল খেলা শেষে বর্ণাঢ্য সমাপনী আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য সাঈদ হাসান কানন,ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি প্রদানের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল চর্চায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং এখান থেকেই আগামী দিনে জাতীয় দলের উপযোগী দক্ষ ফুটবলার তৈরি হবে।

















