
নাসিরনগরের চলমান লোডশেডিং ও বিদ্যুৎ সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সাইদুর রহমান-এর সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ বাচ্চু মিয়াসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বৈঠকে নাসিরনগরের বিদ্যমান বিদ্যুৎ সংকট, ঘনঘন লোডশেডিং এবং এর স্থায়ী সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, লোডশেডিং কমিয়ে জনদুর্ভোগ লাঘব এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আশ্বাস দেন যে, আগামী দুই মাসের মধ্যে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন বিদ্যুৎ সংযোগ চালু হবে। এর ফলে নাসিরনগরে বিদ্যুতের ঘাটতি অনেকাংশে কমবে এবং লোডশেডিং উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় সংসদ সদস্য এম এ হান্নান বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই নাসিরনগরের বিদ্যুৎ সমস্যার দৃশ্যমান সমাধান হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং নাসিরনগরবাসীর জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।


















