Daily Samadhan
Tuesday , 15 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 15, 2026 7:59 pm

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন।

মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, এই কঠিন সময়ে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকাহত স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দুঃসময়ে সরকার তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে বলে জানান তিনি।

পরে নিহত দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও নিহতদের পরিবারের জন্য বেশ কিছু সহায়তার উদ্যোগের কথা জানানো হয়েছে। তাদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শহীদ সেনাসদস্যদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং চলাকালে গোলা বিস্ফোরণের ঘটনায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।

অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি চায় সংসদের প্রধান বিরোধীদল,বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদী প্রতিনিধি

অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের