Daily Samadhan
Friday , 7 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 10:31 am

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর প্রথম সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ।
সরকার ও বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পুলিশ অফিসার্স মেস, ঢাকায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দীন আহমদ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিচয়পর্ব শেষে সভায় অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত সদস্যরা বর্তমান চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মোসলেহ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

তিনি বলেন, ‘সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’ পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সদস্যদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

এ সময় অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এন্টি টেরোরিজম ইউনিট) মো. রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া