
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে রোববার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত- ৬,পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ২ দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে একমাস করে কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১. মো. কামরুজ্জামান কাকন(৩৯), ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ২. মো. জাহিদুল ইসলাম (৪২), ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ।
পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















