
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত চোর বা চোরদের এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থানাধীন ৯২ আসাদ এভিনিউ, ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার উন্মুক্ত স্থানে রাখা ছিল প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি। গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভোর ৪টা ৩৫ মিনিটে সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, ঘটনার ঠিক আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান শুরু করে। পুলিশের অভিযানের ধারাবাহিকতায় ২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় চুরি যাওয়া পিতলের ঘণ্টাটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের চাপে চোর বা চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় থানা হেফাজতে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, চুরির আগে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















