Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
আদালত প্রতিবেদন
August 24, 2026 9:51 am

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট। রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নুসরাত হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তার ভাই মাহমুদুল হাসান নোমানের আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্বে তাদের বাড়িতে দুইজন পুলিশ সর্বদা নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল, বর্তমানে সেখানে আরও ৭ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো শঙ্কার রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতির কোনো তথ্য নেই। বাড়তি নিরাপত্তা জোরদার করায় নুসরাতের পরিবার স্বস্তিতে আছেন।

এদিকে আজ হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, নাকি সাজায় কোনো পরিবর্তন আসবে; এখন সেদিকেই নজর নুসরাতের পরিবার, স্বজন ও স্থানীয়দের।

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমরা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় পূর্বের রায় বহাল থাকবে। হত্যায় জড়িত আসামিরা আইনের ফাঁকফোকরে কৌশলে যেন পার পেয়ে না যায়। আমাদের একটাই দাবি ন্যায়বিচার। রায়কে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করায় আমরা সন্তুষ্ট। তবে শঙ্কামুক্ত নই, কারণ বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয়।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত ২৪ আগস্ট রায়ের দিন ধার্য করেন।

নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়েছে।

২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা শিরীন আখতার মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। এরপর ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

আরেক দফা কমল স্বর্ণের দাম

-ঢোল-মাদলের তালে কারাম উৎসবে মাতলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ,‘উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি’: হাসনাত আবদুল্লাহ

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী