Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 3, 2026 11:45 pm

বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ জন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যক্তিকে নিয়ে একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ নামে প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানির নির্বাহীদের পাশাপাশি গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী এবং সৃজনশীল শিল্পের প্রতিনিধিদেরও স্থান দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এটি টাইমের চতুর্থ বার্ষিক ‘টাইম১০০ এআই’ তালিকা। এআইয়ের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক যখন ক্রমেই বাড়ছে, তখন এবারের তালিকায় প্রযুক্তিটির উন্নয়ন ও গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের তুলে ধরা হয়েছে। টাইম ১০০ জনকে চারটি বিভাগে ভাগ করেছে; লিডারস, ইনোভেটরস, শেপার্স ও থিংকার্স।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিডারস বিভাগে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। এ বিভাগে আরও রয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই, আইবিএমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণ, গুগল ডিপমাইন্ডের প্রধান এআই রেডিনেস কর্মকর্তা লিলা ইব্রাহিম এবং বাইটড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লিয়াং রুবো।

এআইয়ের দ্রুত সম্প্রসারণের পেছনে থাকা অবকাঠামো খাতের শীর্ষ ব্যক্তিদেরও লিডারস বিভাগে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান, ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন, কোরউইভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ইন্ট্রাটর এবং এসএমআইসির কো-সিইও লিয়াং মং সং।

নতুন এআই প্রয়োগ ও প্রযুক্তির নতুন পদ্ধতি নিয়ে কাজ করা ব্যক্তিদের রাখা হয়েছে ইনোভেটরস বিভাগে। এ বিভাগে রয়েছেন ওপেনএভিডেন্সের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের প্রধান নির্বাহী মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের প্রধান নির্বাহী ইয়াং ঝিলিন, ক্যালটেকের অধ্যাপক অ্যানিমা আনন্দকুমার এবং সেরিব্রাস সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান।

সৃজনশীল শিল্পে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাবও এবারের তালিকায় গুরুত্ব পেয়েছে। অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেককে ইনোভেটরস বিভাগে রাখা হয়েছে। একই বিভাগে রয়েছেন সুনোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিকি শুলম্যান এবং তারতেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মুসা।

এআইয়ের নীতিনির্ধারণ ও সামাজিক প্রভাবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাখা হয়েছে শেপার্স বিভাগে। এ বিভাগে রয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন। জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থায় তার কাজের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বৈশ্বিক ডিজিটাল বৈষম্য মোকাবিলা এবং এআই উন্নয়নে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের অংশগ্রহণ বাড়ানো।

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জোসেফ গর্ডন-লেভিটও শেপার্স বিভাগে স্থান পেয়েছেন। তিনি ‘ক্রিয়েটরস কোয়ালিশন অন এআই’-এর সহপ্রতিষ্ঠাতা। এআই কীভাবে তৈরি ও ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে তিনি কাজ করছেন। একই সঙ্গে সৃষ্টিশীল ব্যক্তিদের অধিকার সুরক্ষার বিষয়েও তিনি সোচ্চার।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব ভারত পর্যবেক্ষণ করছে : জয়সওয়াল

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ জন সাংবাদিক নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

বিধবা চা দোকানিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চাঁদা দাবির অভিযোগ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু