
উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে টুলটুলি (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুকুরে টুলটুলির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
টুলটুলি উপজেলার নয়নগাঁতী গ্রামের আজাহার আলীর মেয়ে। তার কোনো স্বামী-সন্তান নেই। তিনি গ্রামেই তার বোন ফাতেমা বেগমের সঙ্গে থাকতেন। পেশায় ছিলেন ভিক্ষুক।
তার বোন ফাতেমা বেগম জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে তার বোন ভিক্ষা করতে বের হয়ে যায়। কিন্তু সে আর ফিরে আসেনি। সকালে তার মরদেহ রেলস্টেশনের ওভারপাসের নিচের পুকুরে ভাসতে দেখা যায়। তার কোনো শত্রু ছিল বলে জানা নেই। কীভাবে তার মৃত্যু হলো, তা তারা বুঝতে পারছে না।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আমির হামজা জানান, মরদেহটি অনেকটা ফুলে গিয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা দাগ লক্ষ্য করা যায়নি।
পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


















