Daily Samadhan
Thursday , 1 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি

প্রতিবেদক
নাগোয়া (জাপান)
October 1, 2026 12:13 pm

বাংলাদেশের ইনিংস তখন শেষ প্রান্তে। করোগি স্পোর্টস পার্কে খেলা দেখতে হাজির শ দুয়েক প্রবাসী বাংলাদেশির কণ্ঠে তখন শুধু এক নাম— হৃদয়, হৃদয়। ‘হৃদয়’ মানে তাওহীদ হৃদয়। পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক শুরুর পর যার ব্যাটে আশা খুঁজে পেয়েছে গোটা বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে সত্যিই হৃদয় জুড়ানো ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। তার ২৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসেই ১৩ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের সামনে ১১২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ।

অথচ শুরুটা ছিল পুরোপুরি উল্টো। টানা কয়েক দিনের বৃষ্টির পর গতকাল কড়া রোদ উঠেছিল। আজ সকাল থেকেও ঝলমলে রোদ। তবু নাগোয়ার করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড সময়মতো খেলার উপযোগী হয়নি। ফলে নির্ধারিত সময়ে গড়ায়নি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা ১৫ মিনিট পর, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয় খেলা। বৃষ্টির ধাক্কায় ম্যাচও নেমে আসে ১৩ ওভারে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৩ ওভারের ম্যাচে যে ধরনের ঝড়ো শুরু প্রয়োজন, তার ধারেকাছেও ছিল না বাংলাদেশ। ৩.২ ওভারেই ২১ রানে নেই ৩ উইকেট। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান (৫ বলে ৭), তৃতীয় ওভারে লিটন দাস (৩ বলে ২) এবং চতুর্থ ওভারে ইমন (৪ বলে ১) সাজঘরে ফেরেন।

ওপেনার সাইফ হাসান ছিলেন ব্যতিক্রম। তবে অন্য প্রান্তে একের পর এক ব্যাটার যাওয়া-আসা করায় তিনিও হাত খুলে খেলতে পারছিলেন না। পাওয়ার প্লের ৩.৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৩।
ষষ্ঠ ওভারে আবরার আহমেদকে পরপর দুই ছক্কায় উড়িয়ে সাইফ অবশ্য জানান দেন, এবার হাত খুলছেন। কিন্তু পরের ওভারেই সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে থামতে হয় তাকে। ১৭ বলে এক চার ও দুই ছক্কায় ১৯ রান করেন এই ডানহাতি।

এরপর বাংলাদেশের ইনিংসের হাল ধরেন হৃদয়। পাঁচ নম্বরে নেমে শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক সীমানা ছাড়া শটে ম্যাচের গতিপথই বদলে দেন তিনি। ২৫ বলে চার ছক্কা ও দুই চারে ৪২ রানের ইনিংস খেলেন হৃদয়।

তার ব্যাটেই হতাশার শুরু পেরিয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান তোলে টাইগাররা।

এই স্কোর জয়ের জন্য যথেষ্ট হবে কি না, সেটি বলবে সময়। তবে শুরুতে মাত্র ২১ রানে ৩ উইকেট হারানোর পরও বাংলাদেশের ইনিংস যে তিন অঙ্ক পেরিয়েছে, তার বড় কৃতিত্ব হৃদয়ের। আর সেই কারণেই ইনিংসের শেষ প্রান্তে গ্যালারিতে ওঠা ‘হৃদয়, হৃদয়’ ধ্বনি যেন হয়ে উঠেছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রতিধ্বনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইদহ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশ জনতা নিয়মিত অভিযান

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের আশা করছেন আইনমন্ত্রী