Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 1:20 am

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এবার জিলহজ মাস ২৯ দিনে শেষ হয়েছে। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম, যা ইসলামের চারটি সম্মানিত মাসের অন্যতম।

আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। দিনটি ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের স্মৃতিবিজড়িত এই দিন মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

এ ছাড়া হাদিসে আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। আশুরার দিন এবং তার আগে বা পরে একদিন রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র আশুরা উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত