
ইউরোপীয় ও বৈশ্বিক ভূ-রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন আইনপ্রণেতাদের কঠোর অবস্থানের অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের একক ক্ষমতা খর্ব করতে এবং ‘ওয়ার পাওয়ার অ্যাক্ট’ বা যুদ্ধ ক্ষমতা আইনের আওতায় তার কর্তৃত্বকে বেঁধে ফেলতে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন চারজন রিপাবলিকান সিনেটর। মঙ্গলবার সিনেটে প্রস্তাবটি ৫০-৪৭ ভোটে পাস হয়। এই ভোটাভুটিতে তিনজন রিপাবলিকান সিনেটর অনুপস্থিত ছিলেন।
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া এই চার রিপাবলিকান সিনেটর হলেন— কেন্টাকির র্যান্ড পল, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মায়কোভস্কি এবং লুইজিয়ানার বিল ক্যাসিডি। অন্যদিকে, ডেমোক্র্যাট দলের পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এই দলবদলকে প্রেসিডেন্টের জন্য একটি বিরল এবং প্রকাশ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, চলমান এই যুদ্ধ দীর্ঘ ৮১ দিনে গড়ালেও ট্রাম্প তার নিজের দল ও ভোটারদের কাছ থেকে বড় ধরনের সমর্থন পেয়ে আসছিলেন।


















