Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 1:11 pm

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে যাবেন আজ। সেখানে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল।

রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘ ৩৫ বছর পর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরবর্তীতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সবশেষ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এদিন সকাল সাড়ে ১০টায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওই সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সই করেন। তার এই সফরকে কেন্দ্র করে শনিবার স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া