
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার নগদ অর্থসহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়।
অদ্য ২৯/০৮/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে ০৫(পাঁচ)টি আলাদা টিম ঢাকা মহানগরীর কড়াইল বস্তিতে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে কবুতর মমিনের কবুতরের দোকান, তার পরিচালিত সমিতি ঘর, তার পরিচালিত বিকাশের দোকান এবং তার বসত ঘরে তল্লাশি চালিয়ে নিম্নবর্ণিত পরিমাণ মাদক ও মাদক বিক্রিত অর্থ জব্দ করা হয়। কবুতর মমিনের স্ত্রী নরুন্নাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অর্থ নিজস্ব বিকাশ চ্যানেলের মাধ্যমে লেনদেন করত।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
১। হেরোইন-৬১০ গ্রাম।
২। ইয়াবা-২৫৩ পিস।
৩। বিদেশী মদ-২ বোতল।
৪। গাঁজা-২০০ গ্রাম।
৫। মাদক ব্যবসার নগদ টাকা-৪৩,০৬,১৪০/- (তেতাল্লিশ লক্ষ ছয় হাজার একশত চল্লিশ) টাকা।
আসামীদের তথ্যঃ
১। মোঃ রানা (৩৮)
২। নুরুন্নাহার (কবুতর মমিনের স্ত্রী) (৪০)
৩। মোঃ আশরাদুল ইসলাম (২৮)
৪। মমিন (পলাতক)-গডফাদার
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব মোঃ ইমদাদুল হক খাঁন, পরিদর্শক, গুলশান সার্কেল বাদি হয়ে বনানী থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও একই অভিযানে মাদক সেবন করা অবস্থায় ৪(চার) জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
তাং-২৯/০৮/২০২৬ ইং স্বাক্ষরিত/-
(মোঃ রাজিউর রহমান)
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ঢাকা মেট্রোঃ কার্যালয়


















