
সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনায় আশিকের নির্দেশের কথা স্বীকারের দাবি, বিদেশি নম্বরসহ ফোন জব্দ।
রাজধানীর পল্লবীতে বিদেশি নম্বর ব্যবহার করে ফোনে চাঁদা দাবি, দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুটার রাব্বি, শুটার রেজা, আবু বক্কর ও রাশেদ। তারা পল্লবীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভইরা দে’ চোরা আশিকের গ্যাংয়ের সদস্য বলে পুলিশের সূত্রে জানা গেছে।
শনিবার রাত পৌনে একটার দিকে পল্লবী থানার আদর্শ নগর, ৫৪ প্লট ও বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শুটার রেজা গত ১৪ তারিখ পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনা ‘ভইরা দে’ আশিকের নির্দেশে ঘটানো হয়েছে বলে তিনি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ছাড়া গত শুক্রবার পল্লবীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় একটি পিজ্জার দোকানে বিদেশি নম্বর ব্যবহার করে ফোনে চাঁদা দাবি এবং পরে দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথাও গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন বলে জানা গেছে।
অভিযানের সময় শুটার রাব্বির কাছ থেকে বিদেশি নম্বরযুক্ত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ওই ফোন ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
পল্লবী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে।
তবে, এখনো ধরাছোঁয়ার বাইরে ভইরা দে গ্যাংয়ের মূল হোতা ভইরা দে চোরা আশিক ও তার অন্যতম সহযোগী শুটার রবিন, শুটার আলামিন, মাদক রাসেল, শুটার ইমন ও ফয়সাল সহ বেশ কয়েকজন।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মূল হোতা সহ বাকি সবাইকে দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


















